Recent event

তালা ও পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করবো: হাবিবুল ইসলাম

ইশরাত এলিজা
সাতক্ষীরা
বক্তব্য রাখছেন হাবিবুল ইসলাম হাবিব
বক্তব্য রাখছেন হাবিবুল ইসলাম হাবিব | ছবি: এখন টিভি
0

তিনি নির্বাচিত হলে তালা উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। গতকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলাম। আগামীতে সংসদ সদস্য হতে পারলে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করব, এটা আমার অঙ্গীকার।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ একটি নির্বাচিত সরকার দেখতে চায়। মব সৃষ্টি করে নির্বাচন ঠেকানো যাবে না।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তালা ও কলারোয়ার সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে মধ্য ও নিম্ন আয়ের পরিবারে নারী প্রধানদের জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেওয়া হবে।’

জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ভরে ওঠে পাটকেলঘাটা বলফিল্ড মাঠ। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ইএ