Recent event

দেবিদ্বারে হাসনাত-মুন্সীর সমর্থকদের হাতাহাতি, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

দেবিদ্বারে পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
দেবিদ্বারে পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা | ছবি: এখন টিভি
0

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে শাপলাকলি ও ট্রাক প্রতীকের সমর্থক বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এ আসনে বিএনপির মনোনয়ন হারানো সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হন। এ সময় মঞ্জুর সমর্থকরা ট্রাক প্রতীকের পক্ষে শ্লোগান দিতে শুরু করেন। এ সময় বক্রিকান্দি এলাকার এনসিপি নেতা-কর্মীরা শাপলা কলির পক্ষে পাল্টা শ্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা শুরু হয়। পরে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ বিএনপির একাধিক নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন:

এদিকে, ওইদিন বিকালে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা।

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘শুনেছি দুই পক্ষের মধ্যে শ্লোগান দেয়া নিয়ে উত্তেজনা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনা কেউ আহত হয়নি।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পূর্ব ঘোষিত দোয়া মাহফিল ও আলোচনা সভা ছিলো। অনুষ্ঠান শেষে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হয়ে তার নেতা কর্মীরা ট্রাক প্রতীকের পক্ষের শ্লোগান দেয়, পরে এনসিপির কয়েকজন নেতা সেখানে “ঋণখেলাপীর আস্তানা দেবিদ্বারে রাখবো না” ও শাপলা কলির পক্ষে শ্লোগান দিতে থাকেন পরে। এতে কিছুটা হাতাহাতি হয়, এছাড়া বড় কিছু ঘটেনি।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি, তবে কেউ আহত হয়নি, দুই পক্ষের মধ্যে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এফএস