Recent event

জামায়াত এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল: ডা. শফিকুর রহমান

কথা বলছেন জামায়াতে আমির
কথা বলছেন জামায়াতে আমির | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল। এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে জানান, ‎৫৪ বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই কাজ শুরু করতে চায় জামায়াতে ইসলামী। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বরিশালে মেহেন্দীগঞ্জের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জামায়াত ইসলামী এ দেশের মজলুম দল উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে এ দেশে সবথেকে মজলুম দল। যে দলের ১১জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। বিচারবর্হিভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের অফিসগুলো একটানা সারে ১৩ বছর বন্ধ করে রাখা হয়েছিলো। আমাদের নিবন্ধন বাতিল করে দেয়া হলো। প্রতীক কেড়ে নেয়া হলো। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে আমাদের সংগঠনকেই নিষিদ্ধ করে দিলো। শুধু আমরা না ইসলামী ছাত্র শিবিরসহ যতগুলো সংগঠন আমাদের ভালোবাসে সব সংগঠন নিষিদ্ধ করা হলো। এতো কষ্টে এ দল বাংলাদেশের জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি।’

‎জামায়াত আমির বলেন, ‘দেশের দায়িত্ব দিলে ১৮ কোটি মানুষদের চৌকিদার ও পাহারাদার হতে চায় জামায়াতে ইসলামী। সবার আস্থার প্রতিদান দেয়া হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জামায়াতের কেউ চাঁদাবাজি করবে না কাউকে চাঁদাবাজিও করতেও দেবনা। আমরা হারামের ওপর হাত রাখবো না। আমরা কোনো স্ট্যান্ড দখল করবো না। যেই রাজনীতি চাঁদাবাজ, দাঙাবাজ তৈরি করে সেই বাংলাদেশ চায় না জামায়াত। সবার জন্য সমান বিচার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। অপরাধ করলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেয়া হবে না।’

অনেকে মামলা করে বাণিজ্য করছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিলো না হয়তো কোনো দল সমর্থন করেছে, এতোটুকু কারণে তার নাম দিয়ে খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন দিন শেষে আপনাকে আমাকে ওই মানুষগুলোর কাছে যেতে হবে।’

‎‎জামায়াত আমির বলেন, ‘আগামী ১৩ তারিখ হবে নতুন বাংলাদেশের জন্ম। এই বাংলাদেশি থাকবে কিন্তু তার চরিত্র পাল্টে যাবে। হবে গণকল্যাণমূলক বাংলাদেশ। কোন দল বা ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে।’

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘‎দেশ পরিচালনার দায়িত্ব পেলে নতুন বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশের প্রথম ভোট হবে গণভোট। এসময় হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান তিনি।’

এফএস