Recent event

বিএনপি ৩১ দফাতেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে: সালাহউদ্দিন আহমদ

মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন অনুষ্ঠান
মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

বিএনপি তাদের ৩১ দফাতেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সাথে 'মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন' অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেই সমস্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে বিএনপি।’

এরইমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে।

তিনি বলেন, ‘যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। পৃথিবী এখন ডিজিটালাইজ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এই পৃথিবীতে এখন তথ্য আদান-প্রদান এতো সহজ হয়েছে মুহূর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। সুতরাং সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে করে দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিলো ৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে। তখন থেকে দেশে ইলেকট্রনিক মিডিয়ার ধারা অবারিত হয়েছে। গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছিলো, গণমাধ্যম বিকশিত হয়েছিলো। কিন্তু বিগত ১৬ বা ১৭ বছরে এদেশের গণমাধ্যম দলীয়করণ হয়েছিলো যার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খেয়েছিলো।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করা দেশের গণতন্ত্রকে সুরক্ষা করা। আমি যেটা সাংবাদিক বন্ধুদের সমাবেশ কিংবা গণমাধ্যমের মালিকদের সমাবেশে বলে থাকি সেটা হলো সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে।’

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ চকরিয়া পেকুয়ার গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

ইএ