Recent event

দুই দশক পর বরিশালে তারেক রহমানের জনসভা; নেতাকর্মীদের উদ্দীপনা

বরিশালে বিএনপির নেতাকর্মীরা
বরিশালে বিএনপির নেতাকর্মীরা | ছবি: এখন টিভি
0

দুই দশক পর আগামীকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশালে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থা।

প্রায় ২০ বছর পরে আবারও বরিশাল সফরে তারেক রহমান। সবশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এ সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি।

এরইমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘শুধু বিএনপির-অঙ্গ সংগঠনের নয়, সারা বরিশালবাসী জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

বুধবার দুপুর ২টায় বেলস পার্ক ময়দানে শুরু হবে জনসভা । আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এ জনসভা বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির বিজয় ত্বরান্বিত করবে বলে মনে করেন বিএনপির এ নেতা।

আরও পড়ুন:

বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল আগমন এ অঞ্চলের যে ২১টি আসন রয়েছে, সেই ২১টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবে।’

স্বাধীনতার ৫৫ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশালের। সম্ভাবনা থাকলেও গুরুত্বের অভাবে উপকূলীয় এই এলাকা পিছিয়ে রয়েছে।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘একটা বিভাগকে কেন্দ্র করে যা যা উন্নয়নমূলক কাজ তা বিএনপি সরকার করে গেছে। সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসেবে, মায়ের অসমাপ্ত কাজ উনি সমাপ্ত রবেন, এটা আমরা বরিশালবাসী আশা করি।’

এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘যখন আসবেন একেবারে শুরু থেকেই আমরা সভাস্থলে স্কেলিটন ডিউটি দিয়ে দেবো। তারপর সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে। সঙ্গে আমাদের মোবাইল টহল বাড়ছে, আরও বাড়াবো।’

তারেক রহমানের এ সফর আগামী নির্বাচনে বিএনপির সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে, এখন দেখার বিষয় সেটাই।

এসএস