নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে কাঠুরিয়া আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্ত
নাইক্ষ্যংছড়ি সীমান্ত | ছবি: সংগৃহীত
0

স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাটনাগাছ কাটতে যাওয়া এক কাঠুরিয়ার পা উড়ে গেছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৫১-৫২ নম্বর পিলারে মাঝে বাটনাতলায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবদুল জাব্বার (৫৩)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সীমান্তের ৫১-৫২ নম্বর পিলারের মাঝে বাটনাতলায় গাছ কাটার জন্য যান সাত ব্যক্তি। তারা পাইনছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের পার হয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সেখানে যান।

এরই মধ্যে তারা বাংলাদেশ সীমান্তের জিরো লাইন পার হয়ে বাটনাতলায় যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরণে একজনের পা উড়ে যায়। মুহূর্তে বাকিরা নিরাপদে লাফ দিয়ে জীবন রক্ষা করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, তিনি বিষয়টির খোঁজখবর নিচ্ছেন।

এএইচ