সারজিস আলম বলেন, ‘বিগত দেড় বছরে কে কি করেছে সেই চিত্র আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা দাদারা যে মার্কায় ভোট দিয়েছে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে এ যদি হয় আমাদের চিন্তা তাহলে আমাদের পূর্বসূরীরা যে জুলুমের মধ্য দিয়ে গেছে আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘বিগত দেড় বছরে কারা জুলুম নির্যাতন করেছে, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। আমরা জুলুম না ইনসাফের পক্ষে যাবো না বিবেচনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের পরে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়ি পাহারা দিয়েছি। কিন্তু একটি দলের নেতাকর্মী তাদের প্রতিমা বিসর্জনের জায়গা, মন্দিরের খাস জমি দখল করেছে, ঘরবাড়িতে আগুন দিয়েছে। সনাতন ভাই বোনেরা দেড় বছরের কষ্ট কয়েকদিনের মিষ্টি কথায় ভুলবেন না।’
তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস বলেন, ‘যে ১৫ জনকে ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন তারা ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই ছয় হাজার কোটি টাকা লুটপাট করে তাদের দিয়ে নির্বাচনের পরে তারেক রহমান আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান। এর উত্তর আমাদের দিতে হবে। এটা নতুন বাংলাদেশ কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। কাউকে আর স্বৈরাচার হতে দেয়া হবে না। দেড় বছরে নিজেদের মধ্যে কামড়া কামড়িতে বিএনপি দুইশত নেতাকর্মীকে মেরে ফেলেছে। এ খুনোখুনি থামান। সবাইকে নিজেদের কর্মী ভাবুন।’
অনুষ্ঠানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





