২ বছর আগেও কল্পনা করা কঠিন ছিল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে ছিটকে যাবে হাসিনার সরকার, গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে প্রত্যাবর্তন হবে বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে লিখছে ব্রিটিশ গণমাধ্যম সংস্থা বিবিসি।
তাদের শিরোনাম, নবনির্বাচিত সরকার কি পারবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে? তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে নানা সংকটে দলের ভার সামলাতে হয়েছে তারেক রহমানকে। খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতার সময়ে নেতৃত্বের এক ধরণের পরীক্ষা দিয়েই এসেছেন তিনি।
বিবিসির বিশ্লেষণ বলছে, এসব কিছুর পরও এ প্রথম পুরো দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন ৬০ বছর বয়সী এ নেতা। তাই প্রত্যাশা যেমন আছে, তেমনি রয়েছে চ্যালেঞ্জও।
আরও পড়ুন:
আর কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার শিরোনাম ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধ্বস জয়’। বলা হচ্ছে, লিটমাস টেস্ট পার করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। প্রতিবেদনে আরও উঠে এসেছে এনসিপি ও জামায়াতকে হারিয়ে বিএনপির প্রত্যাবর্তনের গল্প।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কী প্রভাব রাখতে যাচ্ছে বাংলাদেশের নয়া নেতৃত্ব আর সেখানে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন তারেক রহমান, এমন একটি বিশ্লেষণ করেছে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন। সেখানে জোর দেয়া হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে।
এদিকে, জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ২০০৮ সালে দেশ ছেড়ে লন্ডন চলে যাওয়া, ১৫ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া, আর ২০২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ের নানা দিক নিয়ে তারেকের সাক্ষাৎকার প্রকাশ করেছে ডয়চে ভেলে। যদিও তা ভোটের আগে নেয়া হয়।
বিএনপি চেয়ারম্যানের ছোট একটি বায়োগ্রাফি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পাশাপাশি কেমন হতে পারে তারেকের নেতৃত্ব এ নিয়ে একটি বিশ্লেষণও আছে তাদের অনলাইন সংস্করণে। আর জিও নিউজ বলছে, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেককে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।





