জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম

মীর শাহে আলম
মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জামায়াতে ইসলামী দল হিসেবে অকৃতজ্ঞ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে তাদের দুই নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন, যাতে তাদের রাজাকারের তকমা দূর হয়। দলটির নেতারা এখন সব ভুলে গেছে বলেও মন্তব্য করেছন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘এ সরকার জনগণের সরকার, দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতে তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।’

তিনি বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় নির্বাচনে, উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দেবে। যে বিরোধিতা করবে, বিদ্রোহী হবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এনসিপি ও জামায়াতর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরনো। ভারতে পলাতক নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। তাদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। এখন তারা দেশে যে আন্দোলন করছে, এটা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল।’

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘১১ দলীয় জোটের নেতারা সংসদে এক কথা বললেও বাইরে আরেক কথা বলেন। তারা নানারকম অভিনয় করছেন। এনসিপির নেতাদের বয়স কম, অথচ সম্মান দিয়ে, রাজনৈতিক ভাষায় কথা বলেন না। তারেক রহমানকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেন। বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বলেন, ‘যারা গত নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করেছে, দলে আর তাদের ঠাঁই হবে না। দলের জন্য যারা দুঃসময়ে কাজ করেছেন তারা ঠিকাদারিসহ বৈধ সবকিছু পাবেন।’

গত জুলাইয়ে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এ দুই উপজেলা। বাঁশখালীতে বিধ্বস্ত হয় প্রায় ১২ হাজার ঘরবাড়ি। এর মধ্যে আজ ৫১০ পরিবারকে গৃহ নির্মাণে ৩০ হাজার টাকা প্রদান করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে।

এসএস