‘ডিসেম্বরে সরকার ফেলে দিতে চাওয়া ও ফিরতে চাওয়া দলের যোগসূত্র আছে’

সমাবেশে কথা বলেছেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম
সমাবেশে কথা বলেছেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম | ছবি: এখন টিভি
0

ডিসেম্বরে সরকার ফেলে দিতে চাওয়া ও ফিরতে চাওয়া দলের মধ্যে যোগসূত্র আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, ‘এক দল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে বলে ডিসেম্বরে ফিরে আসবে— এর মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়।’

আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদী রেলস্টেশনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বলেন আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হবো। জনগণের কাছে কাজের হিসাব দেবো।’

আরও পড়ুন:

সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যারা বলে তেল নাই, তারাই কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না।’

বর্তমানে একটি মহল কোথাও কোথাও পটকা ফুটিয়ে এবং পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ আমাদেরকে ভোট দিয়েছে এবং আমরা জনগণের কাছেই ফিরে এসেছি। জনগণকে সাথে নিয়ে আমরা পলাতক ও দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের প্রতিহত করবো। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদেরকে সমর্থন দেবে।’

তবে ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটানোর বিপরীতে হুঁশিয়ারি দিয়ে রাজপথে থাকার কথা জানান প্রতিমন্ত্রী।

এসএইচ