আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে পরিকল্পনা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রথম বৈঠকেই মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কার্যপ্রণালি নিয়ে বিশদ পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।
আরও পড়ুন:
বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নে সংসদীয় কমিটির কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থায়ী কমিটি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’ সংসদীয় কমিটির নিবিড় তদারকি পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মো. শওকতুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম ও মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন।
এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।




