রোজার কারণে এসএসসি পরীক্ষা মার্চে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

রমজানের কারণে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুরুতে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান থাকায় ওই সময়ে পরীক্ষা নেয়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘সব পাবলিক পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা হলেও এখন এটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। একইভাবে এসএসসির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সবদিক বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে এবার রমজানের কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।’

গত ১৪ মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। তবে রোজা ও ঈদের সময়ে পরীক্ষা পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনা তৈরি হয়। পরে ২ জুন অংশীজনদের মতামতের ভিত্তিতে পরীক্ষার সূচি পুনর্নির্ধারণের ইঙ্গিত দেন তিনি।

গত ২৪ আগস্ট আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্টদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে পরীক্ষা নিলে সে সুযোগ কমে যায়। আবার রমজানের পরে পরীক্ষা নিলে তা আরও বিলম্বিত হয়। তাই সবকিছু বিবেচনা করে রমজানের পরেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার কোনোভাবেই শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে চায় না। তাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়েছে এবং প্রায় দেড় বছর আগেই পরীক্ষার বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে।’

এসএসসি পরীক্ষা আরও পেছানোর সম্ভাবনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’

চীন সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ