১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক
কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ হবে। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে চলমান তৃতীয় অধিবেশনের কার্যক্রম শেষ করতে সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী এক বছরের সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা করা হয়।

প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবসের বিষয়ে যেকোনো পরিবর্তন করার ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ এসেছে ২৪৯টি।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএস