বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির অগ্রগতির মূল শক্তি।

আজ (বুধবার, ২৬ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপিকে তৃণমূল পর্যায়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে কর্মীদের অংশগ্রহণে আরো শক্তিশালী করতে হবে। কর্মী সংখ্যা বৃদ্ধি এবং জন-সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে হবে।’

নেতা-কর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সকল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিএনপি সবসময় সেবামূলক কাজের আগ্রহ নিয়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজ-খবর নেয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ব্যাপারে নেতা-কর্মীদের মানবিক ও নৈতিক দায়িত্ব নিতে হবে। যাতে সাধারণ মানুষ নির্দ্বিধায় বিএনপির প্রতি আস্থা রাখতে পারে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক সবাইকে আন্তরিকভাবে জন-মানুষের সেবায় তিনি কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমন মৌসুমে ধান চাষে ব্যবহারের জন্য দেশে স্যারের পর্যাপ্ত মজুত রয়েছে। দিনাজপুর একটি খাদ্য শস্য উৎপাদনের জেলা হিসেবে সারাদেশে পরিচিতি রয়েছে।’

‘একটি অশুভ চক্র সারের সংকট সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সরকার সজাগ রয়েছে, আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে সার নিয়ে কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা কেলেঙ্কারি সৃষ্টি করতে না পারে। সার নিয়ে যদি কোনো ডিলার বা অন্য কেউ ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।’

শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানের শিক্ষার প্রতিও নজর রাখতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসএস