আ.লীগ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে: স্থানীয় সরকারমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার, ২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে সরকার।’

এসময় দেশের কর্মসংস্থান ও বেকারত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘দেশে প্রায় চার কোটি শিক্ষিত বেকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাত্র একটি পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ চাকরির আবেদন জমা পড়ছে। সরকার বেকারত্ব দূরকরণে কৃষি ভিত্তিক অর্থনীতিকে জোর দিচ্ছে।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, ‘কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সরকার।’

এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে এরই মধ্যে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মাহ্দী আমিন বলেন, ‘কৃষকদের আর্থিক সংকট কাটাতে দেয়া হচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে।’

এসএইচ