জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান | ছবি: সংগৃহীত
0

২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি হজযাত্রীদের বিমানভাড়া ৯৮ হাজার টাকা নির্ধারণ করে হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ২০২৭ সালের হজ মৌসুমে ফ্লাইট পরিচালনার এই লিখিত প্রস্তাব জমা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে এটি সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে।

২০২৬ সালের হজ মৌসুমে হজযাত্রীদের জনপ্রতি বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়। সেই তুলনায় ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া অনেক কম।

প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘হজের বিমানভাড়া কমানোর আলোচনায় এই প্রস্তাব আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট (বড় সুবিধা) হিসেবে কাজ করবে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা সরকারকে জানিয়েছে তারা সব ধরনের কার্যপদ্ধতি ও নিয়ম মেনে জনপ্রতি হজযাত্রী ৯৮ হাজার টাকা নিট ভাড়ায় হজফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত। এর ফলে বাংলাদেশি হজযাত্রীরা অনেক কম খরচে হজ পালন করতে পারবেন।

ধর্ম সচিব আরও জানান, সরকার হজের খরচ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিমানভাড়ায় সুস্থ প্রতিযোগিতাকে স্বাগত জানায়।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরাও চাই মানুষ যেন কম খরচে হজ পালন করতে পারেন। প্রস্তাবটি আমাদের আলোচনায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান সরকার হজের খরচ কমাতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্য অর্জনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হজের বিমানভাড়ায় প্রতিযোগিতা একটি ইতিবাচক দিক।’

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স এবং সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস বার্ষিক হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা করছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘আমরা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, আমরা এ বিষয়ে আলোচনা করবো।’

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

এসএস