সেখানে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে গভীর উৎসাহ প্রদান করেন।
জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।’ তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা সাধারণ খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পানে অংশ নেন। মাঠপর্যায়ে সেনাসদস্যদের মাঝে সরকারপ্রধানকে এভাবে কাছে পেয়ে এবং তার সঙ্গে আহারে অংশ নিতে পেরে উপস্থিত অফিসার ও সৈনিকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’র বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





