ধাপে ধাপে ট্রেড লাইসেন্স সেবা বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একীভূত করবে সরকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ব্যবসা পরিবেশ উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার সিটি করপোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের ফলে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন, ফি প্রদান, নবায়ন সম্পন্ন, অনুমোদন গ্রহণ এবং আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এতে স্থানীয় অফিসে বারবার যাওয়ার প্রয়োজন কমবে এবং সেবা প্রদানে বিলম্বও হ্রাস পাবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সংসদে এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য সরকার আরও কয়েকটি উদ্যোগ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তির হালনাগাদ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘বর্তমান চুক্তিগুলোর কার্যকারিতা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। নির্বাচিত শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে। এই ব্যবস্থায় ভূমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি ও সড়ক যোগাযোগসহ প্রাথমিক অনুমোদনসমূহ সমন্বিতভাবে আগেই প্রস্তুত রাখা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করতে পারেন।’

সরকার বিনিয়োগ-সম্পর্কিত আন্তঃসংস্থা অনুমোদন, যাচাই ও পরামর্শ প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা করছে এবং এসব কার্যক্রমের অগ্রগতি সম্পূর্ণভাবে অনলাইনে ট্র্যাক করা যাবে।

আরও পড়ুন:

মন্ত্রী আরও জানান, বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াও অনলাইন ও সময়সীমাবদ্ধ করা হবে।

তিনি বলেন, ‘এতে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই যথাযথভাবে সম্পন্ন হবে।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে ২০২৬ সালের জানুয়ারিতে ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর মন্ত্রীর এ অঙ্গীকার আসে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশনের সঙ্গে। ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সিটি করপোরেশনগুলো হলো রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

এই সমঝোতা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি করপোরেশনগুলো তাদের সিস্টেম বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করবে। এর ফলে উদ্যোক্তারা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলাহীনভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং অন্যান্য আর্থিক ও সিটি করপোরেশন-সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারবেন।

সর্বশেষ সংযোজনের ফলে ওএসএস পোর্টালের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫২টিতে।—বাসস

এসএইচ