শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এই অর্জনকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ এবং সহযোগিতা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রী তার এ নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার সর্বাত্মক সাফল্যও কামনা করেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ নির্বাচনে মোট ১৯০টি ব্যালট কাস্ট বা ভোট পোল হয়। অত্যন্ত তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোটের কোটা পার করে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান লাভ করেন ৯৯টি ভোট।
অন্যদিকে, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট। ৮ ভোটের এ ব্যবধানে সাইপ্রাসকে পরাজিত করে বিশ্বমঞ্চের শীর্ষ পদের এ লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।





