ঈদে ঘরে ফিরতে শুরু করেছেন নগরবাসী; অনলাইন টিকিটে বিড়ম্বনার অভিযোগ

ঈদে রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড়
ঈদে রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় | ছবি: এখন টিভি
0

ঈদে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে ভিড় বেশি ছিলো যাত্রীদের। তবে অনলাইনে টিকিট নিয়ে বিড়ম্বনার কথা বলছেন যাত্রীরা। অন্যদিকে, যানজটের কারণে কোনো কোনো পরিবহনের বাস দেরিতে পৌঁছায় রাজধানীর গাবতলী টার্মিনালে, তাই দেরি করে ছেড়ে যায় গন্তব্যে।

ভোর হতেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়। কারণ ঈদের ছুটি শুরু, যেতে হবে আপনজনের কাছে। কাঙ্ক্ষিত ট্রেনের প্ল্যাটফর্মে ছুটছেন যাত্রীরা।

তীব্র গরমে কাঁধে ব্যাগ, সন্তানসহ ঘরমুখো যাত্রীরা ট্রেনে উঠতে ব্যস্ততা। তবুও শিশুদের চোখেমুখে আনন্দ। বাড়ির পথে রওনা দিয়ে বড়দের মনেও স্বস্তি। যাত্রীরা জানান, শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে আগেই বাড়ির দিকে রওনা হয়েছেন তারা।

রেলপথে শনিবার (২৩ মে) থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের যাত্রা শুরু হলেও শুক্রবারই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়। যাত্রীরা অভিযোগ করছেন, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

যাত্রীরা অভিযোগ করেন, অনলাইনে টিকিট প্রাপ্তিতে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

এবার ঈদে ১০টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা শুরু হবে ২৪ মে থেকে। ছাদে যাত্রীদের উঠতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার।

আরও পড়ুন:

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার কবীর উদ্দীন জানান, সারাদিন ৪৩টি আন্তঃনগর এবং ২৩টি কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে।

এদিকে, সকাল থেকেই ঘরমুখো মানুষের গন্তব্য বাস টার্মিনালের দিকে। বাড়তি চাপের কারণে শুক্রবার ছুটির দিনেও সড়ক পথে যানজটের কবলে পড়েন যাত্রীরা। টার্মিনালে পৌঁছাতে অনেকের বিলম্ব হয়।

অন্যদিকে, যানজটের কারণে কোনো কোনো পরিবহনের বাস দেরিতে পৌঁছায় টার্মিনালে, তাই দেরি করে ছেড়ে যায় গন্তব্যে।

রুট অনুযায়ী প্রতিটি পরিবহনের ভাড়া নির্ধারণ করে দেয় সরকার। গাবতলি বাস টার্মিনালে বাস ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। তবে পরিবহন কর্তৃপক্ষের দাবি, কদিন আগেও বাস ভাড়া কম নিলেও এখন বেশি নিচ্ছে।

এদিকে সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনী ও বাস টার্মিনালে বিআরটিএ কর্মকর্তাদের তৎপরতা দেখা গেছে। এ দিন ভিজিলেন্স টিম টিকিট কাউন্টারে গিয়ে রুট অনুযায়ী নির্ধারিত ভাড়ার স্টিকার ঝুলিয়ে দেয়।

ভ্যাপসা গরম, যানজট ও ভাড়া নিয়ে অভিযোগ থাকলেও হাসিমুখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন নগরবাসী।

এসএইচ