শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে: জ্বালানিমন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
0

নিজের শৈশবের স্মৃতিচারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের সময় মাঠে খেলা ছিল, সারা বছর খেলাধুলা হতো। তারা খেলাধুলায় সময় কাটানোয় মাদক থেকে দূরে থাকতে পেরেছে। সেজন্য শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ (শুক্রবার, ১৫ মে) সিরাজগঞ্জের শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমাদের সময় মাঠে খেলা ছিল, সারা বছর খেলাধুলা হতো। আমরা খেলাধুলায় সময় কাটানোয় মাদক থেকে দূরে থাকতে পেরেছি। কিন্তু এখন খেলাধুলা নেই, মাঠে হয় গরু চড়ায়, নয় অন্য কাজে ব্যবহৃত হয়। ফলে সমাজ আস্তে আস্তে নেশার দিকে চলে গেছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘একটি জেনারেশন নেশার জন্য নষ্ট হয়ে গেছে, এখান থেকে আমাদের ফেরাতে হবে। ফেরাতে হলে একমাত্র পথ হলো, শিশু থেকে একদম বড় হওয়া পর্যন্ত খেলাধুলার ব্যবস্থা করতে হবে, তাহলে সামাজিক আন্দোলন গড়ে উঠবে, মাদককে না বলতে শিখবে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্যরক্ষা করা, এ বিষয়ে তিনি খুবই সিরিয়াস।’

পরে তিনি সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনায় অংশ নেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

এসএস