গুটি আম পাড়ার মাধ্যমে বাজারে আসলো রাজশাহীর আম

রাজশাহীর আম
রাজশাহীর আম | ছবি: এখন টিভি
0

মধুমাস জ্যৈষ্ঠের আগমনী বার্তায় উত্তরের জনপদ রাজশাহীতে শুরু হয়েছে আম নামানোর উৎসব। প্রশাসনের বেঁধে দেয়া ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী আজ (শুক্রবার, ১৫ মে) সকাল থেকে বাগানগুলো থেকে নামানো হচ্ছে গুটি আম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ও মুনাফা নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা।

জ্যৈষ্ঠের শুরুতেই সেই আম পাড়ার প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহীর বাগান মালিকরা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হয়েছে আম নামানোর আনুষ্ঠানিকতা। প্রশাসনের নির্ধারিত সময় মেনে প্রথমেই নামানো হচ্ছে স্থানীয় জাতের ‘গুটি আম’। রাজশাহীর বানেশ্বর, কাটাখালি, সাহেববাজারসহ সবখানে দেখা যাচ্ছে এ আম।

সঠিক সময়ে আম পাড়তে পেরে স্বস্তিতে বাগান মালিকরা। তারা বলছেন, এবছর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমের মান যেমন ভালো, তেমনি ফলনও হয়েছে সন্তোষজনক।

আরও পড়ুন:

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি আমের পর ২২ মে থেকে নামানো হবে সুস্বাদু গোপালভোগ, ২৫ মে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে হিমসাগর।

এরপর জুনের শুরুতেই আসবে ল্যাংড়া আর আম্রপালি। সবকিছু ঠিক থাকলে এবার আমের বাজার থেকে ভালো মুনাফার স্বপ্ন দেখছেন ব্যবসায়ী ও চাষীরা।

রাজশাহীতে চলতি বছর ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে আম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৭৮০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

এসএস