বিরোধীদলের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর সংসদীয় কমিটি গঠন

জ্বালানি সমস্যা মোকাবিলা

সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
1

চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যা মোকাবিলায় বিরোধীদলীয় নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবে সাড়া দিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। যার মধ্যে ৫ সদস্য সরকারি দলের এবং বাকি ৫ সদস্য বিরোধীদলের।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই কমিটি গঠন করার কথা বলেন। পরে তিনি সরকারি দলের ৫ সদস্যের নামও ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব করেছিলেন যে, তাদের কাছে কিছু পরামর্শ রয়েছে। যা নিয়ে সরকারি দল ও বিরোধীদল একসঙ্গে কাজ করতে পারে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।’ তারই প্রেক্ষাপটে এই কমিটি গঠনের সিদ্ধান্ত বলে জানান তিনি।

আরও পড়ুন:

কমিটিতে সরকারি দলের তরফে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও অন্য তিন সংসদ সদস্য হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার একজনকে সভাপতি নির্বাচন করার পরামর্শ দেন। তখন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে এই কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন। সঙ্গে দ্রুতই বিরোধীদলকেও ৫ সদস্যের নাম দেয়ার আহ্বান জানান।

এই কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা মনে করি এই সংসদ জাতীয় সকল সমস্যা নিরসনের কেন্দ্রবিন্দু হবে। আমরা শিগগিরই কমিটির জন্য নামগুলো উল্লেখ করবো।’

জেআর