জ্বালানির সঙ্গে নিত্যপণ‍্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন খরচ বাড়লে পণ্যের মূল্যেও তার প্রভাব পড়তে পারে। তবে সরকার চেষ্টা করবে যেন সাধারণ মানুষের ওপর কম চাপ পড়ে।’

তিনি বলেন, ‘যৌক্তিকভাবে পরিবহন ভাড়া সমন্বয় করা হবে। যতটা কম ক্ষতি করে, কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার। তিন স্তরে এসি বাসের ভাড়াও সমন্বয় করা হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় চুক্তিকে সম্মান জানাতে হবে। তবে এ বিষয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলতে পারে এবং চুক্তির সময়কার প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটকে আইনে পরিণত করার প্রয়োজন নেই। যেসব অধ্যাদেশ সাংবিধানিকভাবে বাতিল হয়েছে, সেগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হবে।’

টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত ২৬ লাখ শিশু টিকা পেয়েছে এবং মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক ঋণ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘আইএমএফের ঋণ নিতে হতে পারে। তবে তাদের সব শর্ত পূরণ করতে দেশ বাধ্য নয়। জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভর্তুকি কমবে। সরকার ঋণ নিলে তা জনগণের কল্যাণের জন্যই নেবে, এই ঋণ চুরি হবে না।’

অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগও নেয়া হবে।’

আগামী পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ উৎসবকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ১৪ এপ্রিল উপমহাদেশের বিভিন্ন দেশে উৎসব পালিত হয়। তাই পহেলা বৈশাখকে আঞ্চলিক উৎসবে পরিণত করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি নওরোজও অনেক দেশে উদযাপনের পরিকল্পনা রয়েছে।’

এফএস