কুষ্টিয়ার ঘটনা মব নয়, পরিকল্পিত: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান | ছবি: সংগৃহীত
1

কুষ্টিয়ার ঘটনা মব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কুষ্টিয়ার ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনা তদন্ত করে দেয়া হবে।’ আজ (বুধবার, ১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আগের সরকারের ব্যর্থতার জন্য হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হাম যে পর্যায়ে আছে এটা কমতে সময় লাগবে। টিকা দেয়ার পর কার্যকর হতে সময় লাগে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে হাম রোগের বিষয়টি ম্যানেজ করার। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা দেয়ার ক্ষেত্রে ব্যর্থতার কারণ ও কারা দায়ী সেটি খতিয়ে দেখা হচ্ছে। কারণ হাম প্রতিরোধে আমরা সক্ষমতা অর্জন করেছিলাম।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সেল গঠন করা হবে। যে সেল নারীদের হয়রানি বিশেষ করে সাইবার বুলিং প্রতিরোধে কাজ করবে। নারীদের হয়রানি এবং সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সরকার ব্যাপারে অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে।’

জলমহাল নিয়ে নতুন আইন করা হচ্ছে। সেই সঙ্গে ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে একটি টাস্কফোর্স হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খাল খনন প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচিতে অতি দরিদ্রদের যুক্ত করা হবে। এজন্য ৪২৫ কোটি বরাদ্দ করা হয়েছে। খাল পাড়ে ফলদ গাছ লাগানো হবে। পহেলা এপ্রিল থেকে ৫ বছরে ৩৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে সড়ক মন্ত্রণালয়।’

আরও পড়ুন:

চাঁদাবাজি ঠেকাতে সরকারের কার্যক্রম বিষয়ে বলেন, ‘চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। চাঁদাবাজি ঠেকাতে সরকার আন্তরিক। মাদকের বিরুদ্ধে গুরুত্ব সহকারে অভিযান হচ্ছে।’

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের অবস্থান ‘খুবই আন্তরিক’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ইশতেহার কতোটুকু বাস্তবায়ন করেছে কিংবা বাস্তবায়নে প্রতিবন্ধকতা কোনগুলো সেসব চিহ্নিত করতে একজন উপদেষ্টার নেতৃত্বে কাজ চলছে।’

জ্বালানি তেলের দাম বাড়বে কি না নিশ্চিত না জানিয়ে তিনি বলেন, ‘এপ্রিলে দাম বাড়ছে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতি লম্বা সময় ধরে চললে দাম সমন্বয় করার প্রয়োজন হতে পারে। কারণ সরকারের পক্ষে দীর্ঘ সময় এতো ভর্তুকি দেয়া কঠিন। মে মাসের শুরুতে ইস্টার্ন রিফাইনারিতে একটি জাহাজ আসছে। ইস্টার্ন রিফাইনারির কারণে কিছুটা সমস্যা যে হবে না সেটি বলা যাবে না; তবে সরকার পরিশোধিত পেট্রোল, অকটেনের যথেষ্ট মজুত তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ খারাপ দিকে গেলে জ্বালানি তেলের দামের বাড়ানোর প্রয়োজন হতে পারে। এরই মধ্যে মন্ত্রীদের জন্য বরাদ্দ জ্বালানি কমানো হয়েছে, অতিরিক্ত জ্বালানি কিনতে নিজস্ব অর্থ খরচ করতে হবে।’

এ সময় আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হজ্ব ফ্লাইটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।

এফএস