গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাব উত্থাপন করতেই সংসদে বিতর্কে জড়িয়ে পড়ে সরকারি ও বিরোধীদল। বিরোধীদলীয় নেতার মুলতবি প্রস্তাব উত্থাপনের পর বেশ কিছু সময় চলে দু'পক্ষের এই বাহাস।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এ বিষয়ে আলোচনায় দেয়া হোক।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখানে আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ ২০২৫ ১৩ নভেম্বর এটা পুরোটা পড়ার তো কোনো সুযোগ নেই।’
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। তিনি এটা বলতেই পারেন না। কারণ আমরা গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকে এ জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নি। সংবিধান সংস্কারের জন্য এসেছি।’
আরও পড়ুন:
বিরোধীদলের দাবির প্রেক্ষিতে ৩১ মার্চ সংসদে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে ২ ঘণ্টা আলোচনা হবে বলে জানান ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার সংসদের ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘কার্যপ্রণালী বিধি ৬৫ (২) অনুযায়ী তিনদিনের মধ্যে এ বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সে হিসাবে আগামী ৩১ মার্চ দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা বিরোধীদলের নেতার মুলতবি প্রস্তাব আলোচনার জন্য সময় নির্ধারণ করছি।’
ঈদে ১৩ দিন মুলতবির পর রোববার বিকেলে অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকারের সভাপতিত্বে। দায়িত্ব পালনে প্রথমদিনই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ডেপুটি স্পিকারকে।
এর আগে দিনের শুরুতে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এসময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার কথা জানান। আর বিসিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় ক্রীড়া প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা এ ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘দুর্নীতিকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। যারা অবৈধভাবে বিভিন্নভাবে এ সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’
সোমবার বিকেল ৩ টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। ।





