সিআইডি প্রধান হিসাবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন

সিআইডি প্রধান হিসাবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন
সিআইডি প্রধান হিসাবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন | ছবি: সংগৃহীত
0

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৫ মার্চ) সংস্থাটির সদর দপ্তরে এক বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সিআইডি প্রধান হিসেবে মোসলেহ্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা দেয়া হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোসলেহ্ উদ্দিন আহমদ। সিআইডি প্রধান হিসেবে যোগ দেয়ার আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং কুষ্টিয়া, ভোলা, শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন:

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘সিআইডির অর্জিত সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না—প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি।’

সেজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতা বলে তিনি উল্লেখ করেন।

বিশেষভাবে সততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, বরং প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—যথাযথ কারণ ছাড়া দায়িত্বস্থল ত্যাগ করা যাবে না।’

আরও পড়ুন:

একইসঙ্গে সদস্যদের উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য সিআইডিতে পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান। তবে এরপরও কেউ দায়িত্ব পালনে অনাগ্রহী থাকলে তার জন্য সিআইডিতে স্থান নেই।’

নতুন সিআইডি প্রধান তার বক্তব্যে বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহর কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে সিআইডির দৃশ্যমান অগ্রগতি ও ব্র্যান্ডিং অর্জিত হয়েছে, তা ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে আবেগঘনভাবে উল্লেখ করেন, তিনি মোট ৩১৩ দিন সিআইডিতে দায়িত্ব পালন করেছেন এবং এই স্বল্প সময়ে একটি দক্ষ, সমন্বিত ও প্রতিশ্রুতিশীল টিম গড়ে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

এসএস