সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা ও সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি: তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের

জামায়াতে ইসলামী লোগো
জামায়াতে ইসলামী লোগো | ছবি: এখন টিভি
0

রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের আশু আরোগ্যও কামনা করেন।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক এ দুটি ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা উদ্বেগজনক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পবিত্র ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রীচাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু এ সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের ভোগান্তির বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

আরও পড়ুন:

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে, দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময় সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকারসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে নিহতদের মাগফিরাত কামনা করেন, তাদের পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

এএম