আসিয়ান কাপের বাজে ফল বাংলাদেশ দলের মনোবল নষ্ট করবে না: ডুলি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন থমাস ডুলি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন থমাস ডুলি | ছবি: এখন টিভি
0

আসিয়ান কাপের বাজে ফল সাফের আগে বাংলাদেশ দলের মনোবল নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের হেডকোচ থমাস ডুলি। ৩ ম্যাচে ১৩ গোল হজম করলেও আসিয়ান কাপের এই মিশন থেকে ইতিবাচক কিছুই খুঁজতে চাইছেন মার্কিন এই কোচ। সেইসঙ্গে দেশে ফিরে উত্তর দিয়েছেন প্রবাসী ফুটবলার এবং দলের ভেতরের নানা গুঞ্জন নিয়ে।

দেশ ত্যাগের সময়ে বিমানবন্দরে দেখেছিলেন সাংবাদিক-সমর্থকদের উপচে পড়া ভিড়। তবে ফেরার বেলায় চিত্রটা একেবারেই ভিন্ন। রাতের ঢাকায় অনেকটা নীরবেই এসেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা।

মাঠের ফলাফল প্রত্যাশার কাছাকাছিও যায়নি। ৩ ম্যাচে ১৩ গোল হজমের পর প্রতিপক্ষের জালে বল জড়ানো গেছে মোটে ২ বার। বাংলাদেশ দলের চোখেমুখে তাই হতাশার প্রতিচ্ছবি একেবারেই স্পষ্ট। সঙ্গে লম্বা ভ্রমণের ক্লান্তিও হয়েছে সঙ্গী। এতকিছুর পরেও বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি চোখ রাখছেন ইতিবাচক দিকে।

ডুলি বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে প্রাপ্তি হতে পারে এটাই যে, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু। আমরা যখন সাফে খেলবো, তাদের শিখতে হবে যে তাদের কীভাবে খেলতে হবে।’

আরও পড়ুন:

আসিয়ান কাপের পুরোটা সময় বাংলাদেশ দলের ড্রেসিংরুম ছিলো নানা আলোচনার খোরাক। ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বিভক্তি কিংবা ক্যাম্প ছাড়ার কথাও শোনা গিয়েছিলো। তবে বিমানবন্দরে ফারহানকে নিয়ে ভূয়সী প্রশংসাই করলেন থমাস ডুলি।

তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমি তাকে এনেছি এবং আমি ফারহানকে নিয়ে সন্তুষ্ট। আপনি দেখবেন যে, প্রথম ম্যাচের তুলনায় পরের ম্যাচে তার সম্পৃক্ততা প্রায় ১০ গুণ বেশি ছিলো। সে যদি বক্সে ঢোকে, সে গোল করতে পারে। আমি ম্যাচের পরে তাকে বলেছি যে, তুমি এই ম্যাচের সবচেয়ে বড় হিরো হতে পারতে।’

সবকিছুর পর সাফে দুর্দান্ত ফুটবল উপহার দেবে বাংলাদেশ, সেই কথাও শুনিয়ে রাখলেন বাংলাদেশ কোচ।

ফুটবলারদের দেশে ফেরার এই বহরে ছিলেন না হামজা চৌধুরী এবং শোমিত শোম। ব্যর্থ আসিয়ান কাপের পর দুই বড় তারকাকে পাওয়া যাবে সাফের দ্বিতীয় ম্যাচ থেকে।

এসএইচ