ঈদযাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড়

সময়ের সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে দূরপাল্লা পরিবহনের চাপ
সময়ের সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে দূরপাল্লা পরিবহনের চাপ | ছবি: এখন টিভি
0

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল বাড়ার সঙ্গে সঙ্গে ঈদযাত্রার ষষ্ঠ দিনে সড়কপথেও যাত্রীচাপ বেড়েছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো ছিল।

আজ (বুধবার, ১৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের দীর্ঘ সারি। কাউন্টারগুলোতে টিকিটের তেমন সংকট না থাকলেও, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ তুলেছেন অনেক যাত্রী।

যাত্রীদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে বাস ছাড়তে দেরি হওয়া এবং শিডিউল বিপর্যয়ের ঘটনাও দেখা গেছে।

তবে বাসমালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো টাকা নেয়া হচ্ছে না। অতিরিক্ত চাপের কারণে কিছুটা সময়সূচি ব্যাহত হতে পারে বলেও জানান তারা।

এদিকে, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সড়কপথে বিশেষ নজরদারি জোরদার করেছে। বিভিন্ন টার্মিনাল ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এনএইচ