ঈদের বাকি দুই সপ্তাহেরও কম সময়। চলতি সপ্তাহের শেষেই ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করবেন রাজধানীবাসী। তাই রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ।
ঈদ উপলক্ষে বাহারি ডিজাইন আর রঙের পণ্যে নিজ নিজ স্টল সাজিয়েছেন বিক্রেতারা। দেশি পণ্যের পাশাপাশি চাহিদা রয়েছে বিদেশি পণ্যেরও।
বিক্রেতাদের একজন বলেন, ‘আমাদের এখানে সব ধরনের জুতা আছে। এমনকি দাম অনুযায়ী জুতা গুণগত মান নির্ধারণ করা আছে।’
আরও পড়ুন:
ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের চাপ। পাশাপাশি ঈদ ঘিরে বিয়ের অনুষ্ঠান বেড়ে যাওয়ায় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ক্রয় তালিকায় থাকছে জুয়েলারি পণ্যও।
জুয়েলারি এক বিক্রেতা বলেন, ‘রোজার প্রথম দিকে তেমন বিক্রি ছিলো না। এখন অনেকটাই বেড়েছে। আশাকরি ২৫ বা ২৬ রোজার মধ্যে আরও ভালো বিক্রি হবে।’
এদিকে, পরিবারের ছোট সদস্যদের নিয়ে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। জানান, ছোটদের আনন্দেই নিজেদের ঈদ আনন্দ খুঁজে পান তারা। রোজার ঈদের আনন্দের মতো আর কোনো আনন্দ হতে পারে না বলে জানান ক্রেতারা।
ফুটপাথ থেকে বড় শপিং মল, সবখানেই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে তাই মধ্যরাত পর্যন্ত এক দোকান থেকে অন্য দোকানে, এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরছেন ক্রেতারা।





