শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ২৬৬ ফ্লাইট বাতিল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা শঙ্কায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রভাবে গত কয়েকদিনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ (শনিবার, ৭ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২০টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শনিবার কুয়েত এয়ারলাইন্সের ২টি, জাজিরার (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএইউ) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। এবার ৮ মার্চ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে। শুক্রবার দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। যাত্রীদেরকে তথ্যগুলো জানানোর অনুরোধ করে বিমান।

এএইচ