Recent event

কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

ড. মুহ. রাশেদুল ইসলাম ও মোহাম্মদ আমিন উর রশীদ
ড. মুহ. রাশেদুল ইসলাম ও মোহাম্মদ আমিন উর রশীদ | ছবি: এখন টিভি
1

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতের সময় উপাচার্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কৃষক কার্ড’ কার্যক্রমসহ বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উভয়েই আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারা।

কৃষিমন্ত্রী উত্তরবঙ্গের বিস্তৃত চরাঞ্চলের কৃষি উন্নয়ন বিশেষভাবে গুরুত্ব পায়। নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ চরাঞ্চলে টেকসই অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন:

উপাচার্য এসময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চর ইন্সটিটিউট স্থাপনের পরিকল্পনার কথা মন্ত্রীকে অবগত করেন। মন্ত্রী এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশনা দেন। এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন মন্ত্রী। এছাড়াও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রম, কৃষি সম্প্রসারণ উদ্যোগ এবং স্থানীয় কৃষকদের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনার কথা মন্ত্রীকে জানান।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক, কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম গত ২০২৪ সালের ২ ডিসেম্বর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) উপাচার্য হিসেবে যোগদান করেন।

উপাচার্য পদে দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয় এবং এখন পর্যন্ত তিনটি ব্যাচের কার্যক্রম চালু রয়েছে।

আরও পড়ুন:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সম্পন্ন করা হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তাদের বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ‘স্পেশাল সিএসআর ফান্ড’ থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে চরাঞ্চলে কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।

বর্তমানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ফিজিবিলিটি প্রকল্প কাজ চলমান রয়েছে এবং ডিপিপি প্রকল্প অনুমোদনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস