Recent event

এমপি-মন্ত্রীদের শপথ কাল: ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ডিএমপির লোগো
ডিএমপির লোগো | ছবি: সংগৃহীত
0

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই দুই সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসময় রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কে ডাইভারশনের নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।

আরও পড়ুন:

এতে আরও বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত করা হবে। যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখা হবে।

ডিএমপি ঘোষিত ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ:

১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

আরও পড়ুন:

২. ধানমন্ডি হতে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।

আরও পড়ুন:

৫. মিরপুর রোড হতে ধানমন্ডি: মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।

৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প সচল থাকবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য সকল প্রকার যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এনএইচ