Recent event

জনগণকে কনভিন্স করাই ছিলো আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিএনপির চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে প্রশ্ন করা হয়, ২০০ এর বেশি আসন পেতে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হলো কি না?—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন, জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল, সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা—সেটাতে আলহামদুলিল্লা আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আমাদের চ্যালেঞ্জ। যেকোনো ভালো কিছু অ্যাচিভ করতে গেলেই কষ্ট করতে হয়।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, ‘জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই। নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দলের ধারণা এবং দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো থেকে আমরা শুরু করছি। আর কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। সরকার ও বিরোধীদলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। মত ও চিন্তা ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাই এক ‘

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, ইশতেহারও সেগুলো উল্লেখ করেছি। জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করবো।’

আরও পড়ুন:

মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এমন মুহূর্তে খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করেছে। তিনি দেশ ও জাতির স্বার্থে ছিলেন অটল ও অবিচল।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশ গঠনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শত উসকানির মুখেও দায়িত্বশীলতার মাধ্যমে শান্ত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। কোনো অপশক্তি যেন নির্বাচনের পর কোনো অপ্রিতিকর পরিস্থিতি তৈরি না করে, সেজন্য বিজয় মিছিল করতে নিষেধ করা হয়েছে।’

তারেক রহমান আরও বলেন, ‘যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে, কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ, আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারলে ব্যর্থ হবে দেশ।’

এ মুহূর্তে অর্থনৈতিক অবস্থা ঠিক করা, জননিরাপত্তা নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ থেকে মুক্ত ও সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

এসএইচ