Recent event

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন-বিক্ষোভ

0

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় ধর্ষকসহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন আন্দোলনকারীরা।

ধর্ষণ ও নারী হেনস্তার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়ায়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা।

'ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে' এমন দাবি নিয়ে বগুড়ায় বিক্ষোভ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি ও যৌন হয়রানি প্রতিবাদ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অভিযুক্তদের বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শেরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারাদেশে বর্বরোচিত ধর্ষণের তীব্র প্রতিবাদ করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মানববন্ধন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা।

এএম