Recent event

‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ধারাবাহিকভাবে সংলাপ করছে সংস্কার কমিশন’

0

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই ও না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তাবনা দেয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুর নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেন।

অবাধ-অংশগ্রহণমূলক-নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিকভাবেই সংলাপ করেছে বিভিন্ন পক্ষের সঙ্গে। তারই অংশ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

গণমাধ্যম প্রতিনিধিরা জানান, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথা তুলে ধরা হয়েছে, পাশাপাশি গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবেনা বলেও সুপারিশ করেছেন তারা।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো ভাবেনি সংস্কার কমিশন জানিয়ে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনাসহ বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন।

তবে কমিশনের অন্যতম সদস্য ড. তোফায়েল আহমেদ মনে করেন, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করা উচিত।

এদিন বিকেলে ৩১টি সংগঠনের নারী নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শমূলক বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার কথা রয়েছে।

এএইচ