টেলিভিশন কর্মীদের চাকরি পরিবর্তনে এনওসির কড়া নিয়ম তুলে নিলো অ্যাটকো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এআই দিয়ে নির্মিত
0

টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক করে জারি করা ‘বিতর্কিত’ নির্দেশনাটি প্রত্যাহার করে নিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

আজ (সোমবার, ১৮ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের দিনের (১৭ মে) দেয়া ওই জরুরি নির্দেশনাটি প্রত্যাহারের কথা জানায় সংগঠনটি।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ মে ভুলবশত অনাপত্তিপত্র বিষয়ক যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তি পত্র/০৩/২৬) পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গতকাল রোববার অ্যাটকো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেয়ার পর যথাযথ কর্তৃপক্ষের এনওসি বা ছাড়পত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে যোগ দিলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাবে।

টেলিভিশন মালিকদের সংগঠনটির এমন সিদ্ধান্তে গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই একে মুক্ত পেশাদারিত্বের অন্তরায় ও শ্রম আইনের পরিপন্থি হিসেবে অভিহিত করেন। উদ্ভূত পরিস্থিতিতে ২৪ ঘণ্টার ব্যবধানে আজ সেই কঠোর অবস্থান থেকে সরে এলো অ্যাটকো।

এএইচ