প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

বিদিশা এরশাদ
বিদিশা এরশাদ | ছবি: সংগৃহীত
0

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা হোসেনকে প্রতারণার মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এক্ষেত্রে অন্য কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি পেতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ মিয়া।

আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) বিচারপতি খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

এর আগে, গত ২৬ আগস্ট গুলশানের বাসা থেকে বিদিশা হোসনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলায় ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।

বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়ার কথা ছিলো। তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর না করা হলে বিদিশার বিরুদ্ধে প্রতারণার এ মামলা করা হয়।

উল্লেখ্য, গত ২০ মে ওই মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএইচ