ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

আদালতে নেয়া হচ্ছে মতিউর রহমান
আদালতে নেয়া হচ্ছে মতিউর রহমান | ছবি : সংগৃহীত
2

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

আজ (সোমবার, ৩ আগস্ট) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি. এম. তারিকুল কবীর অভিযোগ গঠনের এ আদেশ দেন। আদালত আগামী ১৪ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

দুদকের দেয়া অভিযোগপত্রে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

২০২৪ সালের কোরবানির ঈদের সময় ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই ঘটনায় মুশফিকুর রহমান ইফাতকে মতিউর রহমানের ছেলে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হলে বিষয়টি দেশজুড়ে ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিতি পায়।

২০২৪ সালের ৪ জুন দুদক তার এবং পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তাদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়।

একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব, শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়।

এফএস