নারায়ণগঞ্জ সদর থানার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে আইভীর অব্যাহতি

নারায়ণগঞ্জ সদর থানার মামলায় আদালতে আইভীর হাজিরা
নারায়ণগঞ্জ সদর থানার মামলায় আদালতে আইভীর হাজিরা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। এসময় আইভীর আইনজীবী তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজির হন।

শুনানিতে আইভীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

এ আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেয়া প্রয়োজন।

আরও পড়ুন:

পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর হওয়া পর্যন্ত আইভীর পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। যাই হোক, এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারাও সব দেখবে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ডা. সেলিনা হায়াত আইভীকে আসামি করা হয়।

এসএইচ