আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. রুবিনা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দিনাজপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৫ আগস্ট সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি দল হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের নওপাড়া গ্রামে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন সরদারকে আটক করা হয়।
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো লেপের ভেতর থেকে একটি ৭.৬৫ মিলিমিটার ইউএসএ নির্মিত বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি রামদা এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
আরও পড়ুন:
এ ঘটনায় ওই দিনই র্যাব-৫-এর ডিএডি নায়েক সুবেদার মো. আলতাফ হোসেন বাদী হয়ে হাকিমপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সুমন সরদারকে পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট অপূর্ব রায় শুনানি পরিচালনা করেন।





