অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ | ছবি: সংগৃহীত
0

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। একইসঙ্গে পলাতক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ (বুধবার, ১১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন এসব তথ্য জানান। এছাড়া এ মামলায় বর্তমানে ৮ আসামি কারাগারে আছেন বলেও জানান তিনি।

গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সাবেক ভূমিমন্ত্রী, স্ত্রী রুকমীলা জামানসহ পরিবারের চার সদস্য ও ব্যাংকটির কর্মকর্তারা এ মামলার আসামি হয়েছেন।

আরও পড়ুন:

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, আদালত বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ৫ এপ্রিল মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কিনে নেন ভূমিমন্ত্রী। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে।

এসএইচ