Recent event

এস আলমের আরো ১ হাজার কোটি টাকার জমি ক্রোকের আদেশ

আসিফ হোসেন
ঢাকা
হাইকোর্ট ও এস আলম গ্রুপের লোগো
হাইকোর্ট ও এস আলম গ্রুপের লোগো | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫৬ হাজার ৩৫৭ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ (রোববার, ২৭ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এসব জমির মূল্য ১০০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

তিনি এবং তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

এএইচ