সাত মাত্রার জোড়া ভূমিকম্পে যখন মৃত্যুপুরীতে ভেনেজুয়েলার কারাকাস ও লা গুয়েরাহ শহর তখন দেশটির একাংশ ব্যস্ত লুটপাটে। যে যেভাবে পাড়ছে দোকান, বাড়ি ও শপিংমল থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছে।
রয়টার্সে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, দোকান থেকে খাবারসহ অন্যান্য জিনিসপত্র লুট করছেন সাধারণ মানুষ। ফার্মেসি থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নেয়ার বেলাতেও একই অবস্থা। এমনকি ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর থেকেও যে যেভাবে পারছে ছুটছেন মালামাল নিয়ে।
আরও পড়ুন:
চারদিকে আর্তনাদ ও মৃত্যুভয় উপেক্ষা করেই এমন অমানবিক কাজ করে যাচ্ছেন অনেকে। বিধ্বস্ত শহরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় এ ধরণের অপরাধমূলক কাজের সুযোগ পাচ্ছেন তারা।
চলতি সপ্তাহে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ভেনেজুয়েলাবাসী। এতে ব্যাপক হতাহতের শঙ্কা করা হচ্ছে। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। বিদেশি অনেক ত্রাণ সহায়তার খবর পাওয়া গেলেও আপাতত তাদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিসপত্র নেই বললেই চলে। জীবন বাঁচাতে লুটপাটের পথ বেছে নিয়েছে বলেও নিজেদের সাফাই গাইছেন ভেনেজুয়েলাবাসী।





