যুদ্ধবিরতি স্বত্বেও গাজা, পশ্চিম তীর ও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এরইমধ্যে অবরুদ্ধ গাজার দু’টি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তেলআবিব। এতে আহত হয়েছেন অনেকেই।
অন্যদিকে হিজবুল্লাহকে প্রতিহতের নামে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। আল শাহাবিয়ায় চালানো হয়েছে মুহুর্মুহু হামলা। বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের তায়ের শহর।
আরও পড়ুন:
এরইমধ্যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণ না করতে এবার ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব। স্থানীয় সময় শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ সতর্ক বার্তা দেয় ৯ দেশের নেতারা।
এসময় তারা জানান, ইসরাইলের আগ্রাসী আচরণ ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম তীরের পরিস্থিতি এখন উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। এমনকি সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন পর্যায়ে চলে গেছে বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে। যৌথ বিবৃতি দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডস।
