জেরুজালেমে নানের ওপর হামলা; খ্রিস্টানবিদ্বেষী কর্মকাণ্ডের নিন্দা জানালো ফ্রান্স

ফরাসি শীর্ষ কূটনীতিক জিন-নোয়েল বারোট।
ফরাসি শীর্ষ কূটনীতিক জিন-নোয়েল বারোট। | ছবি: সংগৃহীত
0

জেরুজালেমে এক ইসরাইলি নাগরিকের হাতে ফরাসি নান লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ফ্রান্স। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ভূমিতে এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁ প্রশাসনের শীর্ষ কূটনীতিক জিন-নোয়েল বারোট। আনাদুলুর প্রতিবেদন এ তথ্য পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বারোট এই হামলাকে ‘ঘৃণ্য’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘খ্রিস্টানবিদ্বেষী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পবিত্র ভূমি ও ক্যাথলিক সম্প্রদায়কে রক্ষা করা ফ্রান্সের একটি ঐতিহাসিক দায়িত্ব, তাই এ ধরনের কোনো ঘটনাকে আমরা কোনো অবস্থাতেই সহ্য করবো না।’

ইসরাইলি পুলিশের বরাত দিয়ে জানা গেছে, পূর্ব জেরুজালেমে ফরাসি এক নানকে লাঞ্ছিত করার অভিযোগে ৩৬ বছর বয়সী এক ইসরাইলি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এই হামলাকে ‘বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে খ্রিস্টান ধর্মাবলম্বী ও তাদের পবিত্র স্থানগুলোর ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স সরকার কড়া প্রতিবাদ জানালো।

এএম