ভেড়ামারায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া খাতুন নামে ১৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। আজ ( শুক্রবার, ২ অক্টোবর ) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা পাড়ার নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া একই এলাকার ইয়ানুরের মেয়ে ও বাহাদুরপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। পরিবারের দাবি, প্রায় এক বছর আগে পাশের আরকান্দি গ্রামের আনোয়ারের ছেলে আসিফের সঙ্গে তার বিয়ের কথা ঠিক হয়। এ নিয়ে তাদের নিয়মিত যোগাযোগ ছিলো। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে আসিফ কিছুদিন সময় চায় বলে জানায়।

পরিবার জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যায় সাদিয়া। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে মরদেহ নামিয়ে খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় সাদিয়ার প্রেমিক আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে নেয়া হয়েছে।

ভেড়ামারা থানার (ওসি) মো. শামীম শেখ জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জেআর