অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএপিএল সভাপতি মোহাম্মদ আশিক রহমান, সাধারণ সম্পাদক রাফসান এ জান, সিএপিএলের উপদেষ্টা তারিফ মোহাম্মদ খান এবং সিএপিএলের আম্পায়ার প্যানেলের প্রধান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণির আম্পায়ার তৌহিদুর রহমান।
সিএপিএলের চতুর্থ আসরে অংশ নিচ্ছে আটটি দল। দলগুলো হলো- বাংলাদেশ ল'য়ারস ক্রিকেট ক্লাব, অ্যাডভোকেটস ক্রিকেট ক্লাব, ল'য়ারস ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্রিকেট ম্যাগনেট, ইবিএল, বিডিজবসডটকম, ফাইবার এ্যাট হোম এবং রেনেগেড রেঞ্জার্স।
লটারির মাধ্যমে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে হবে রাউন্ড রবিন লিগ, যেখানে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এরপর প্রতিযোগিতা এগোবে চারটি নকআউট পথে; কাপ, বোল, প্লেট ও ব্রোঞ্জ। ফলে টুর্নামেন্টে প্রতিটি দলের জন্য থাকছে মোট পাঁচটি ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্বে শুধু টিকে থাকাই লক্ষ্য নয়; নকআউট পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। ৪০ ওভারের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আইসিসির নিয়ম অনুযায়ী। ম্যাচ পরিচালনা করবেন বিসিবি-এর সিনিয়র আম্পায়ার ও স্কোরাররা।
সিএপিএলের এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্যানস ক্রিকেট একাডেমি ফিল্ড, সিলিকন সিটি, আমিনবাজারে। টুর্নামেন্টের নিয়মে খেলোয়াড়দের যোগ্যতার বিষয়েও রয়েছে নির্দিষ্ট শর্ত। অংশগ্রহণকারীদের বয়স হতে হবে কমপক্ষে ২৮ বছর। ঢাকা লিগ, প্রিমিয়ার লিগ ও জেলা লিগের খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।





