স্ত্রী-কন্যাকে নিয়ে পূজামণ্ডপে সৌরভ গাঙ্গুলী; চোর বাগানের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ

পূজামণ্ডপে সৌরভ গাঙ্গুলী
পূজামণ্ডপে সৌরভ গাঙ্গুলী | ছবি: এখন টিভি
0

স্ত্রী, কন্যাকে সঙ্গে নিয়ে কলকাতার বেহালা প্লেয়ার্স কর্নারে পূজা দেখতে এলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। চোর বাগানের দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। আরেকদিকে পূজাতে শামিল হলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পুষ্পাঞ্জলি দিয়ে সবার কল্যাণ ও মঙ্গলের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

নিজের পাড়ার পূজামণ্ডপে উপস্থিত হলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ কলকাতার বেহালা প্লেয়ার্স কর্নারের দুর্গাপূজায় স্ত্রী ডোনা গাঙ্গুলী ও মেয়ে সানা গাঙ্গুলীকে সাথে নিয়ে উপস্থিত হন তিনি। পূজামণ্ডপে ঠাকুরের সামনে প্রণাম করে আশীর্বাদও নেন। সৌরভকে কাছে পেয়ে খুশি হয়েছেন ক্লাব কর্মকর্তাসহ উপস্থিত দর্শনার্থীরা।

উৎসবের এই আনন্দের মধ্যেও ঠাকুর দেখতে গিয়ে চোর বাগানের মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গাঙ্গুলী। সাধারণ মানুষকে ভিড়ের মধ্যে খুব সাবধানে ও সচেতনভাবে থাকার আহ্বান জানান তিনি।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘সাবধানে যাতায়াত করতে হবে। এত ভিড়, তো প্রভুজি, মানুষের এত সমস্ত প্যান্ডেলে এত মানুষ। একটু সাবধানে যাতায়াত করতে হবে।’

অন্যদিকে সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী জানান, পূজায় যাতে সবাই ভালোভাবে কাটায় সেই প্রার্থনাই তিনি করবেন। ওপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যাতে চলতি বছরটা সকলের ভালো কাটে।

আরও পড়ুন:

ডোনা গাঙ্গুলী বলেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন, আমাদের সবাইকে নিরাপদে ও সুস্থ রাখুন এবং এই বছরটি সবার জন্য অত্যন্ত সফল হোক।’

এদিকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির নান্দনিক ক্লাবে পূজা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই সকলের সুখ সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বামেদেরকেও নিশানা করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা সনাতন হিসেবে আমার কর্তব্য। এটা আমার আস্থার বিষয়। ব্যক্তিগত বিষয়। এটার সঙ্গে মুখ্যমন্ত্রী পদের কোনো সম্পর্ক নেই। এটা আস্থার জায়গা।’

তিনি বলেন, ‘যারা লেকচার মারছে, কমিউনিস্টরা, এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চন্দ্রাভিষেক খায় না, হাতে ডোর লাগায় না, কপালে টিপ লাগায় না। এদের থেকে সাবধান থাকবেন। এই আরশোলা, ছারপোকা—যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে, এদের থেকে খুব সাবধানে থাকবেন।’

চোর বাগানের ঘটনার পর শহরের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য প্রশাসন। জানা গেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পুরো পরিস্থিতির দিকে তদারকি করছেন। তার সঙ্গে মন্ত্রী ও রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা প্রতিটি মণ্ডপে তীক্ষ্ণ নজর রাখছেন; যাতে কোনো অবস্থাতেই চোরবাগানের মত ফের কোনো মর্মান্তিক ঘটনা না ঘটে।

এসএস